ইউক্রেনে রুশবিরোধী যুদ্ধে লাটভিয়ার এমপি

লাটভিয়ার পার্লামেন্ট সদস্য (এমপি) জুরিস জুরাস রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেন গেছেন। মঙ্গলবার তার দল এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

৪৬ বছর বয়সী জুরাস লাটভিয়ার পার্লামেন্টের আইন বিষয়ক কমিটির প্রধান।

লাটভিয়ার আইনমন্ত্রী ও ক্ষমতাসীন জোটে থাকা নিউ কনজারভেটিভ পার্টির প্রধান জ্যানিস বর্ডান্স বলেন, জুরাস ইউক্রেনে আছেন। তিনি ইউক্রেনের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দিয়েছেন। এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আমি এটিকে পুরোপুরি সমর্থন করি।

নিরাপত্তার কারণে জুরাসের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন বর্ডান্স।

রুশ হামলার পর বিদেশিদের নিয়ে একটি আন্তর্জাতিক সেনা দল গঠন করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রকাশ্যে ইউক্রেনের হয়ে লড়তে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে।

গত সপ্তাহে জেলেনস্কি জানান, ১৬ হাজারের বেশি বিদেশি স্বেচ্ছায় ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে চায়। তবে কতজন ইউক্রেনে প্রবেশ করেছে তা সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।