ইউক্রেনে রাশিয়ার ধ্বংসজ্ঞ সামরিক অভিযানের ১৩ দিন পার হয়েছে। পশ্চিম দুনিয়ার অনেকেরই ধারণা ছিল তিনদিনের মাথায় কিয়েভ পতন ঘটবে। কিন্তু ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে এখনও রুশ বাহিনীর তীব্র লড়াই অব্যাহত। এ অবস্থায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক দাবি করেছেন, আক্রমণের আগে ইউক্রেন সম্পর্কে পুতিনের অনুমান ‘গভীর ত্রুটিপূর্ণ’ ছিল।
ইউক্রেন যুদ্ধ ইস্যুতে সিআইএ'র প্রধান উইলিয়াম জে বার্নস বলেন, কিয়েভে কোনও পুতুল সরকার বসাতে পারবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, ইউক্রেনের প্রতিরোধ আরও জোরালো হতে পারে।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর দিন যত গড়াচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণও পাল্লা দিয়ে বাড়ছে। চলমান আগ্রাসনে এ পর্যন্ত দেশটির কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন। এদিকে রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই নিষেধাজ্ঞা ঘোষণা দেন।
তেলের পাশাপাশি যুক্তরাষ্ট্রে রাশিয়ার গ্যাস ও কয়লা আমদানিতেও নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন বাইডেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ পুতিনের নেতৃত্বের প্রতি আরেকটি জোরালো আঘাত হানবে।’