ইউক্রেনের সামি শহরের একটি আবাসিক এলাকায় বিমান থেকে রুশ বাহিনীর উপর্যুপরি বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। এতে তিন শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবরজানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
এই ঘটনাকে 'গণহত্যা' হিসেবে আখ্যায়িত করেছেন অঞ্চলটির গর্ভনর দিমিত্রো যাইভিৎস্কি। তিনি বলেন, সোমবার রাতে ওই আবাসিক এলাকায় বোমাবর্ষণ করে রুশ বাহিনী। তার ভাষায়, ‘এক সন্ধ্যায় তিনটি বোমা। এটা ছিল ভয়াবহ একটি রাত।’
এ ঘটনায় এক বাড়িতেই ৯ জন নিহত হয়েছে বলে জানা গেছে। ছয়টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ২০টি বাড়িঘর।
এদিকে নিজ দেশে রুশ আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় খোলা চিঠি লিখেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্ক। মঙ্গলবার লেখা এই চিঠিতে ইউক্রেনীয় শিশুসহ বেসামরিকদের ওপর ক্রেমলিন ব্যাপক হত্যাকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘২৪ ফেব্রুয়ারি, আমরা সবাই রুশ আগ্রাসনের ঘোষণায় জেগে উঠলাম। ট্যাংক ইউক্রেনীয় সীমানায় ঢুকে পড়লো, প্লেন আমাদের আকাশে ঢুকলো, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক আমাদের শহরগুলো ঘিরে ফেললো। ক্রেমলিনপন্থী প্রপাগান্ডা মাধ্যমগুলো একে বিশেষ অভিযান হিসেবে আখ্যা দিতে শুরু করে। তবে প্রকৃত ঘটনা হলো, ইউক্রেনের বেসামরিকদের ব্যাপকভাবে হত্যা করা হচ্ছে।’