রুশ ধনকুবেরের বিলাসবহুল প্রমোদতরি জব্দ করলো ইতালি। প্রমোদতরিটির মালিক রাশিয়ার ধনকুবের আন্দ্রে মেলনিচেঙ্কো। ৫৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার মূল্যের বিশাল ইয়টটি শুক্রবার জব্দ করা হয়। এক বিবৃতিতে জানিয়েছে ইতালির ফাইন্যান্স পুলিশ।
নির্মাতা প্রতিষ্ঠানের তথ্যমতে, ‘এসউয়াইএ’ মডেলের ইয়টটি ইতালির উত্তর-পশ্চিম ত্রিইয়েস্তের বন্দরে অবস্থান করছিল। এই মডেলটি বিশ্বের অন্যতম ইয়টগুলোর মধ্যে একটি।
এর আগে গত মাসে ৬০ কোটি মার্কিন ডলার মূল্যের একটি সুপার ইয়ট জব্দ করে জার্মানি। এটির মালিক রুশ ধনকুবের আলিসার উসমানোভ। তিনিও ইউরোপীয় ইউনিয়ন- ইইউর নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন।
ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় কাউন্সিল। এতে অনেক রুশ ধনকুবেরের পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠানও পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে। রাশিয়ার অর্থনৈতিক খাতকে পঙ্গু করে দিতেই এমন পদক্ষেপ নিয়েছে ইইউসহ যুক্তরাষ্ট্র।
সূত্র: সিএনএন