পোল্যান্ড সীমান্ত সংলগ্ন ইউক্রেনের লভিভের সামরিক ঘাঁটিতে রাশিয়ার রকেট হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। লভিভের গভর্নর মাকসিম কোজিটস্কি এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
এর আগে রবিবার ভোরের এ ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং ৫৭ জন আহতের কথা জানিয়েছিলেন কোজিটস্কি। পরে ঘটনাস্থল এলাকা থেকে দ্য গার্ডিয়ানের লুক হার্ডিং জানান, ইতোমধ্যেই নিহতের সংখ্যা আরও বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। তারও কিছু সময় পর লভিভের গভর্নর জানান, এ ঘটনায় এখন পর্যন্ত নিশ্চিতভাবে ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৩৪ জন।
স্থানীয় সময় রবিবার ভোর ৫টা ৪৫ মিনিটে পোলিশ সীমান্ত সংলগ্ন ইউক্রেনের ওই সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সাইরেন বাজানো ১৯টি অ্যাম্বুলেন্সকে ঘাঁটির দিক থেকে গাড়ি চালিয়ে যেতে দেখা গেছে।