ইউক্রেনীয় মসজিদে আটকে পড়েছে তুরস্কের নাগরিক

ইউক্রেনের মারিয়োপোল শহরের একটি মসজিদে আটকে পড়েছে তুরস্কের বেশ কয়েক জন নাগরিক। মসজিদে আশ্রয় নেওয়া এসব নাগরিকদের সরিয়ে নিতে রাশিয়ার সহায়তা কামনা করেছে তুরস্কের সরকার।

গত শনিবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রুশ বাহিনী সুলতান সুলেমান মসজিদে বোমাবর্ষণ করেছে। ওই মসজিদে তুরস্কের ৮৬ নাগরিক আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে ৩৪ শিশুও ছিল।

রবিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানান, তুরস্কের নাগরিকদের সরিয়ে নিতে ‘কয়েক দিন ধরে’ বাস অপেক্ষা করছে কিন্তু শহরটিতে চলা সংঘাতের কারণে তাদের সরিয়ে নেওয়ার কাজ ব্যহত হচ্ছে।

আনতালিয়ায় এক সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, মারিয়োপোলে আটকে পড়া তুরস্কের নাগরিকদের সরিয়ে নিতে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কাছে সহায়তার অনুরোধ জানিয়েছেন। এবং আশা করছেন এই বিষয়ে কোনও অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।

এর আগে মারিয়োপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের সরানোর উদ্যোগ ব্যহত হয়। শহরটির মানবিক পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়েছে। এজন্য পরস্পরকে দায়ী করছে রাশিয়া ও ইউক্রেন।

কাভুসোগলু জানান, এখন পর্যন্ত ইউক্রেন থেকে ১৪ হাজার ৪৮০ জন তুর্কি নাগরিককে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

সূত্র: বিবিসি