ইউক্রেন ইস্যুতে ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে বসছেন বাইডেন

ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য আগামী সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি ন্যাটোভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন ও বিদেশি বিদেশি সূত্রগুলোর বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হোয়াইট হাউজের এ সংক্রান্ত পরিকল্পনাটি চূড়ান্ত করতে এখনও কাজ চলছে। শেষ পর্যন্ত এটি চূড়ান্ত রূপ পেলে আগামী ২৩ মার্চ ব্রাসেলসে ন্যাটো জোটের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বাইডেন। তবে ইউক্রেন পরিস্থিতির আলোকে এই পরিকল্পনাও পরিবর্তন হতে পারে।

একটি সূত্র জানিয়েছে, বাইডেন ইউক্রেনের প্রতিবেশী ন্যাটো সদস্য পোল্যান্ডেও যেতে পারেন। ১৪ মার্চ ভোরে এই পোল্যান্ড সীমান্ত সংলগ্ন ইউক্রেনের লভিভের সামরিক ঘাঁটিতে সিরিজ রকেট হামলা হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ৩৫ জন নিহত হয়। আহত হয় আরও ১৩৪ জন।

পারমাণবিক শক্তিধর রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাত নিয়ে ন্যাটো তথা ইউরোপের অনেক দেশের উদ্বেগ রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার বলেছেন, ইউক্রেনের সীমান্ত অতিক্রম করে ন্যাটোর ভূখণ্ডে আঘাত করলে রাশিয়াকে পাল্টা জবাব দেওয়া হবে। ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করা হবে।

ন্যাটোর অনুচ্ছেদ ৫ অনুযায়ী, জোটের কোনও সদস্য আক্রান্ত হলে অন্য দেশগুলোকেও আক্রান্ত সদস্যের প্রতিরক্ষায় এগিয়ে আসতে হয়।