ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাচ্ছেন ইউরোপের তিন দেশ চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতিনিধি হিসেবে ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করতে মঙ্গলবার সেখানে যাচ্ছেন তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা এ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এই সফরের উদ্দেশ্য হলো ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে পুরো ইউরোপীয় ইউনিয়নের দ্ব্যর্থহীন সমর্থন নিশ্চিত করা।’
এই সফরের মাধ্যমে ইউক্রেন এবং দেশটির জনগণকে সহায়তা দেওয়ার একটি বিস্তৃত প্যাকেজ উপস্থাপনের কথাও জানান চেক প্রধানমন্ত্রী।
এদিকে রুশ বাহিনী সন্ত্রাসীর মতো আচরণ করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। সোমবার কাউন্সিল অব ইউরোপের অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। ডেনিস শ্যামিহাল বলেন, ভ্লাদিমির পুতিনের আসল উদ্দেশ্যের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় ‘অবশেষে চোখ খুলেছে।’
তিনি বলেন, ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই রাশিয়া দেশটির জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা লঙ্ঘন করে আসছে। রুশ বাহিনী ‘সন্ত্রাসীদের মতো আচরণ করছে।’ তারা স্কুল, কিন্ডারগার্টেন, হাসপাতালে বোমাবর্ষণ করছে, শিশুদের হত্যা করছে। লোকজনকে জিম্মি করছে। স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধিদের অপহরণ করছে। বেসামরিক নাগরিকদের নির্যাতন করছে।