ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে প্রতিরক্ষায় সহযোগিতার মাধ্যমে ইউরোপকে অবশ্যই নিজেদের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে। মঙ্গলবার লন্ডনে আয়োজিত জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্সের বৈঠকে ভিডিও লিংকে যুক্ত হয়ে একথা বলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউরোপের নরডিক ও বাল্টিক দেশগুলোর নেতাদের নিয়ে এই সম্মেলন আয়োজন করেছেন। এতে ইউরোপীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে।
বক্তব্যে জেলেনস্কি রুশ হামলা মোকাবিলার জন্য ইউরোপীয় নেতাদের কাছ থেকে আরও অস্ত্র সহযোগিতা চেয়েছেন। ইউরোপীয় নেতাদের তিনি বলেন, আমরা সবাই রাশিয়ার টার্গেট। সবকিছুই ইউরোপের বিরুদ্ধে যাবে যদি ইউক্রেন রাশিয়াকে ঠেকাতে ব্যর্থ হয়। তাই আমি আমাদের সহযোগিতা করে নিজেদের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।
জেলেনস্কি আরও বলেন, আপনারা জানেন আমাদের কোন ধরনের অস্ত্র প্রয়োজন। আপনাদের সমর্থন ছাড়া এটি খুব কঠিন হবে। আপনাদের সহযোগিতায় আমি কৃতজ্ঞ, কিন্তু আমাদের আরও বেশি প্রয়োজন। আমি আশা করি আপনারা এই সুযোগ বাড়াবেন। আপনারা দেখতে পাবেন কীভাবে এই সহযোগিতা আপনাদের নিরাপত্তা, আপনাদের সুরক্ষা নিশ্চিত করবে।