রুশ যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ ইউক্রেনের

রুশ যুদ্ধজাহাজ থেকে ইউক্রেনের উপকূলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ করেছে কিয়েভ। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেছেন, মধ্যরাতে ওডেসার দক্ষিণে তুজলার কাছে ইউক্রেনের সমুদ্র উপকূলে রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ও কামান নিক্ষেপ করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফেসবুকে দেওয়া পোস্টে আন্তন গেরাশচেঙ্কো বলেন, রুশ বাহিনী অনেক দূর থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ নিক্ষেপ করেছে। প্রকৃতপক্ষে তারা ইউক্রেনের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করতে চায়।

এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী মঙ্গলবার দেশটির খেরসন আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়ার অন্তত তিনটি সামরিক হেলিকপ্টার ধ্বংস করে দিয়েছে। প্ল্যানেট ল্যাবসের নতুন স্যাটেলাইট ইমেজে উঠে এসেছে এমন তথ্য।

স্যাটেলাইট ইমেজে বিমানবন্দর থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। ইমেজের একটি জুম-ইন অংশে হেলিকপ্টারগুলোকে জ্বলতে দেখা যায়।

সিএনএনের প্রতিবেদনে এ ঘটনাকে চলমান যুদ্ধে রুশ কপ্টারের বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে ধ্বংসাত্মক হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে। খেরসন বিমানবন্দরের কাছাকাছি এলাকায় থাকা রাশিয়ার সামরিক যানগুলোও এদিন আক্রান্ত হয়েছে।