ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোল শহর থেকে প্রায় ২০ হাজার বাসিন্দা সরে গেছে। তবে রুশ গোলাবর্ষণে শহরটিতে এখনও হাজার হাজার মানুষ আটকে পড়েছে বলে বুধবার জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। অনেকেই বিদ্যুৎ এবং পানি সরবাহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে তারা।
মারিউপোল শহরের ওপর জোরালো দৃষ্টি দিয়েছে রুশ বাহিনী। গত দুই সপ্তাহ ধরে শহরটিতে গোলাবর্ষণ করছে তারা। আরও পশ্চিম দিকে অগ্রসর হতে আজভ সাগর উপকূলের এই শহরটির নিয়ন্ত্রণ পেতে মরিয়া হয়ে উঠেছে তারা।
ইউক্রেনীয় কর্মকর্তাদের ধারণা যুদ্ধে আড়াই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং আরও অন্তত দুই লাখ মানুষকে জরুরিভাবে সরিয়ে নেওয়া প্রয়োজন।
গত ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত ইউক্রেনের সবচেয়ে বড় দশ শহরের কোনওটি দখল করতে পারেনি মস্কো। বুধবার ব্রিটিশ প্রতিরক্ষা গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় ভূখণ্ডে চ্যালেঞ্জের মুখে পড়ে তা থেকে উত্তরণে হিমশিম খাচ্ছে রুশ বাহিনী।
ব্রিটিশ প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনী মূলত ইউক্রেনের সড়ক নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এছাড়া সড়কের বাইরে কোনও কৌশল পরিচালনায় অনিচ্ছা দেখাচ্ছে তারা। রুশ বাহিনীর অগ্রযাত্রা থমকে যাওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইউক্রেনীয় বাহিনী সেতু ধ্বংস করে দেওয়া।
সূত্র: রয়টার্স