বন্দি বিনিময়ে মুক্তি পেয়েছেন ইউক্রেনীয় মেয়র: কিয়েভ

পাঁচ দিন আগে রুশ বাহিনীর অপহরণের শিকার হওয়া ইউক্রেনের মেলিটোপোল শহরের মেয়র ইভান ফেদেরভ মুক্তি পেয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের এক সহযোগী জানিয়েছেন, আটক হওয়া নয় রুশ সেনার মুক্তির বিনিময়ে ছাড়া পেয়েছেন মেয়র ফেদেরভ।

রুশ বাহিনী প্রথমেই ইউক্রেনের যেসব শহর দখল করে তার মধ্যে অন্যতম মেলিটোপোল। দখলের পর মেয়রকে অপহরণ করা হয় বলে অভিযোগ তোলে কিয়েভ। এরপরই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ তোলেন রাশিয়া ‘সন্ত্রাসের নতুন পর্যায়’ শুরু করে দিয়েছে।

জেলেনস্কির প্রেস সহকারি দারিয়া জারিভনায়া বুধবার রাতে এক টেলিভিশন ভাষণে বলেন, রাশিয়ার যেসব সেনাদের মুক্তি দেওয়া হয়েছে তাদের জন্ম ২০০২-০৩ সালে। ফলে তারা ‘সত্যিকার শিশু’ আখ্যা দেন জারিভনায়া। তাদের মুক্তির বিনিময়ে ছাড়া পেয়েছেন মেয়র ফেদেরভ।

এর আগে বুধবার ইউক্রেনীয় প্রেসিডেন্টের সহযোগী জানান এক অভিযানের মাধ্যমে মেয়র ইগোর ফেদেরভকে মুক্ত করা হয়েছে। তবে ওই সময় বিস্তারিত কিছু জানাননি তিনি।

সূত্র: বিবিসি