গণ্ডারের শাবকের নাম দেওয়া হলো ‘কিয়েভ’

বিপন্ন প্রজাতির কালো এক গণ্ডারের শাবক জন্ম নিয়েছে চেক প্রজাতন্ত্রে। আর সেই শাবকের নাম রাখা হলো ‘কিয়েভ’। রুশ বাহিনীর বিরুদ্ধে দেশটি যে প্রতিরোধ গড়ে তুলেছে, তার সম্মানে ইউক্রেনের রাজধানী কিয়েভের নাম জুড়ে দেওয়া হলো শাবকটির। এই ঘটনা ইতোমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে সামাজিকসহ সংবাদমাধ্যমে।

চিড়িয়াখানার পরিচালক প্রেমিসেল রাবস বলেন, এই নাম ইউক্রেনীয় বীরদের প্রতি আমাদের সমর্থনের আরেকটি দৃষ্টান্ত।

শাবকটির ভালো মতোই যত্ন নিচ্ছেন তার মা ইভা। প্রতিদিন গড়ে ১ কিলোগ্রাম করে শাবকের ওজন বাড়ছে। বর্তমানে এর ওজন ৫০ কিলোগ্রাম বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

গত ৪ মার্চ দেশটির এক চিড়িয়াখানায় জন্ম নেয় কিয়েভ। বিশ্বজুড়ে বিরল প্রজাতির এই গণ্ডারের সংখ্যা মাত্র ৮ শর মতো আছে। এর মধ্যে চেক প্রজাতন্ত্রের পার্কে রয়েছে ১৪টি। এই প্রজাতির অনেকগুলো গণ্ডার বিভিন্ন দেশের চিড়িয়াখানায় রয়েছে। তবে ৯টি রুয়ান্ডা এবং তানজানিয়ার বনে ছেড়ে দেওয়া হয়েছে।

সূত্র: এবিসি নিউজ, নিউ ইয়র্ক পোস্ট