ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর খারকিভের কাছে মেরেফা এলাকায় একটি স্কুল ও একটি কমিউনিটি সেন্টারে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। স্থানীয় মেয়র ভেনিয়ামিন সিটভ বলেছেন, বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগে চালানো এই হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
পূর্ব ইউক্রেনের অন্যান্য জনবহুল কেন্দ্রগুলোর মতো খারকিভ অঞ্চলেও অগ্রসর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এর অংশ হিসেবে এদিন অঞ্চলটিতে বোমাবর্ষণ করা হয়।
এদিকে বুধবার রুশ হামলায় ইউক্রেনের উত্তরাঞ্চলীয় কৌশলগত শহর চেরনিহিভে অন্তত ৫৩ বেসামরিক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আঞ্চলিক গভর্নর ভিয়েচেসলাভ চাউস। টেলিগ্রামে তিনি বলেন, ‘অঞ্চলের কেন্দ্রে শত্রুরা প্রতিনিয়ত আর্টিলারি এবং বিমান হামলা চালাচ্ছে। তারা বেসামরিক স্থাপনা ধ্বংস করে দিচ্ছে।’
তিনি বলেন, 'আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। একদিনে আমাদের ৫৩ নাগরিকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অব্যাহত হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংযোগ, গ্যাস সঞ্চালন লাইন, পানির সংযোগ স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ করে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।' শহরে আটকে পড়া বাসিন্দাদের সরিয়ে নিতে নতুন করে একটি মানবিক করিডোর স্থাপনে রুশ বাহিনীর সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন গভর্নর ভিয়েচেসলাভ চাউস।