ইউক্রেনে রাশিয়ার নৃশংসতা সংক্রান্ত খবরকে ‘প্রপাগান্ডা’ হিসেবে আখ্যায়িত করে সেগুলোকে প্রত্যাখ্যান করেছে মস্কো। বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া নিজ দেশের এমন অবস্থানের কথা জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে আবাসিক এলাকা, এমনকি হাসপাতালকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে হামলা চালানোর খবর আসে। সর্বশেষ অবরুদ্ধ মারিউপোল শহরে সহস্রাধিক বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছে, এমন একটি থিয়েটারে রুশ বাহিনী বোমা হামলার খবর আসে। তবে এসব খবরকে ‘ভুয়া’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিনি দাবি করেন, ‘ইউক্রেনে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা নতুন নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে।’
এদিকে অবরুদ্ধ মারিউপোল শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে শহরটিতে অন্তত দুই হাজার ৪০০ মানুষ নিহত হয়েছে। তাদের অনেককেই গণকবরে সমাহিত করা হয়েছে।