রাশিয়া থেকে দূরে থাকতে জার্মানি নতুন পথ খুঁজছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রতিদিনের মতো রাতের বেলা ফেসবুকে প্রচারিত ভাষণে তিনি জানান গত বৃহস্পতিবার তিনি জার্মান আইনপ্রণেতাদের উদ্দেশে কেবল প্রেসিডেন্ট হিসেবে নয়, ইউক্রেনের নাগরিক হিসেবে, একজন ইউরোপীয় হিসেবে ভাষণ দিয়েছেন।
ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘অন্য অনেকের মতো বহু বছর ধরে মনে হয়েছে জার্মান রাষ্ট্র দেওয়াল বানিয়ে আমাদের কাছ থেকে তারা দূরে থাকতে চায়। অদৃশ্য কিন্তু কঠিন দেয়াল।’
ওই ভাষণে নতুন ধরনের বার্লিন দেয়াল ভেঙে ফেলতে জার্মান নাগরিকদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান। এই দেয়াল এখন নিপীড়ন থেকে স্বাধীনতাকে আলাদা করে ফেলছে বলে জানান তিনি। বিভাজনের এই দেয়াল গড়ে ওঠায় জার্মান জ্বালানি নীতি এবং ব্যবসায়ীক স্বার্থ ভূমিকা রাখছে বলে সমালোচনা করেন জেলেনস্কি। তবে তার এই ভাষণ শোনা অনেক জার্মান আইনপ্রণেতার অস্বস্তিকর।
বৃহস্পতিবার রাতে ইউক্রেনীয়দের উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, আমরা দেখেছি কয়েক দশক ধরেই অর্থনীতির জন্য জার্মানি লড়াই করছে। তিনি বলেন, ‘নতুন রুশ গ্যাস পাইপলাইন এবং পুরনো ইউরোপীয় স্বপ্নের জন্য (লড়াই করছে)। এই ধরনের সহযোগিতার স্বপ্ন রাশিয়া দীর্ঘ সময় ধরে গুরুত্ব সহকারে নেয়নি।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি জার্মানদের মত বদলাচ্ছে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছি জার্মানি নতুন পথ খুঁজছে।’
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে ব্যবসা, বাণিজ্য এবং জ্বালানি সংযোগ ব্যবহার করে পশ্চিমের কাছে রাশিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সংযোগ স্থাপনের চেষ্টা করছে জার্মানি। তবে আগ্রাসনে সেই সব আশার অবসান হয়েছে। আর এরপরই অন্য অঞ্চলে জরুরিভাবে বাণিজ্য সুবিধা খোঁজা শুরু করেছে জার্মানি।
সূত্র: বিবিসি