ইউরোপীয় ইউনিয়নে যোগদান থেকে পিছু হটবে না ইউক্রেন

রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইউরোপীয় ইউনিয়ন-ইইউতে যোগদানে পিছু হটবে না ইউক্রেন। শুক্রবার এমন মন্তব্য করেন ইউক্রেনের ডেপুটি চিফ অব স্টাফ আন্দ্রি সাইবিহা।

তিনি বলেন, ‘এ বিষয়ে আমি স্পষ্ট হবো, এটা একেবারেই অগ্রহণযোগ্য। এটা আমাদের নিজস্ব পছন্দ। ইইউ’র সদস্যপদের জন্য আমরা ইতোমধ্যে আবেদন করেছি, যা এখন প্রক্রিয়াধীন’। 

ইউক্রেনের ন্যাশনাল টেলিভিশনে আন্দ্রি সাইবিহা আরও বলেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত আছে, কিন্তু কঠিন। রাশিয়া ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনা হলেও এখনও  সমাধানে পৌঁছাতে পারেনি।

ইউক্রেন সংকট সমাধানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে আলোচনা চলছে, তা থেকে 'ইতিবাচক অগ্রগতি' হয়েছে বলে সম্প্রতি মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

এদিকে দুই দেশের শান্তি আলোচনার মধ্যেও ইউক্রেনে বোমাবর্ষণ থামাচ্ছে না রুশ বাহিনী। অধিকাংশ শহরের বেসামরিক স্থাপনা হামলার মুখে। মারিউপোল, খারকিভ, চেরনেহিভি ও সামি শহর অবরুদ্ধ হয়ে পড়ায় বেসামরিকদের সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। তবে মস্কো বলেছে, তারা বেসামরিক নয়, সামরিক স্থাপনা লক্ষ্য করেই বিশেষ অভিযান পরিচালনা করছে।

সূত্র: রয়টার্স