কিয়েভে ফের কারফিউ জারি

ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে শহরের মেয়র ভিটালি ক্লিচকো এ ঘোষণা দেন। স্থানীয় সময় সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত এই কারফিউ বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কারফিউ চলাকালে সবাইকে নিজ নিজ ঘরবাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন ভিটালি ক্লিচকো। একইসঙ্গে সতর্ক সংকেত বেজে উঠলে সবাইকে আশ্রয়কেন্দ্রে গিয়ে অবস্থানের আহ্বান জানিয়েছেন তিনি।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর কিয়েভে কারফিউ জারির ঘটনা এটিই প্রথম নয়। গত এক মাসে শহরটিতে বেশ কয়েক দফা কারফিউ জারি করা হয়েছে।

এদিকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনায় এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়নি বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন। মস্কোর দাবি, কিয়েভের পক্ষ থেকে এমন সব দাবি তুলে ধরা হচ্ছে যেগুলো রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়। এগুলো করে শান্তি আলোচনাকেই আটকে দিচ্ছে কিয়েভ।

অন্যদিকে কিয়েভ বলছে, তারা মস্কোর সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক। তবে ইউক্রেন আত্মসমর্পণ করবে না কিংবা রাশিয়ার কোনও আল্টিমেটামও মেনে নেওয়া হবে না।