তিন ইসরায়েলি নাগরিককে অপহরণ করেছে রাশিয়া: দাবি ইউক্রেনের

রাশিয়ার বিরুদ্ধে তিন ইসরায়েলি নাগরিককে অপহরণের অভিযোগ করেছে ইউক্রেন। দেশটির উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, ইউক্রেনের মেলিটোপোল শহর থেকে ওই ব্যক্তিদের অপহরণ করে রুশ বাহিনী। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান ইরিনা ভেরেশচুক।

তিনি বলেন, ‘ইউক্রেনের ইহুদি এবং অন্যরা এই যুদ্ধে ইসরায়েলের অবস্থানে হতাশ। আমি নিশ্চিত যে ইসরায়েলের জনগণ ইউক্রেনের পক্ষে রয়েছে।’

রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ মুখে নিজের ইহুদি ধর্মবিশ্বাস সামনে এনেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর হাতে নিহত ইহুদিদের সম্মানে কিয়েভের একটি স্মৃতিসৌধ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আমি দুনিয়ার সব ইহুদির উদ্দেশে বলছি, এখানে কী ঘটছে আপনারা কি দেখতে পাচ্ছেন না?’

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আগে ২০২১ সালের ১২ মে টুইটারে দেওয়া পোস্টে ইসরায়েলে হামাসের ক্ষেপণাস্ত্র হামলার সমালোচনা করেছিলেন জেলেনস্কি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধেও উভয় পক্ষের মধ্যে শীর্ষ পর্যায়ে আলোচনার জন্য ইসরায়েলকে উপযুক্ত স্থান মনে করেন তিনি। ইসরায়েল কর্তৃক দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুজালেমে এই বৈঠক দেখতে চান তিনি। তার ভাষায়, ‘সম্ভাব্য শান্তি আলোচনার উপযুক্ত স্থান হতে পারে জেরুজালেম।’ তিনি বলেন, শান্তি খুঁজে পাওয়ার জন্য এটিই সঠিক জায়গা। যদি সম্ভব হয়।

গত ২০ মার্চ ভিডিও লিংকের মাধ্যমে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেন জেলেনস্কি। এ সময় তিনি ইউক্রেনের বর্তমান পরিস্থিতি এবং ইসরায়েলের ইতিহাসের সঙ্গে সরাসরি তুলনা টানেন। ইসরায়েলের প্রয়াত প্রধানমন্ত্রী গোল্ডা মায়ারের বিখ্যাত উক্তি উচ্চারণ করে জেলেনস্কি বলেন, ‘আমরা বাঁচতে চাই, কিন্তু প্রতিবেশীরা আমাদের মৃত দেখতে চায়।’ তিনি বলেন, ১০২ বছর আগে জার্মানিতে নাৎসি পার্টির জন্ম হয়েছিল যে ২৪ ফেব্রুয়ারি তারিখে এই বছর সেই একই তারিখে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করেছে।