ইউরোপে গ্যাস রফতানি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়ার বৃহৎ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউরোপীয় গ্রাহকদের অনুরোধের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা ইউক্রেনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সাম্প্রতিক সময়ে নিজেদের গ্যাসের চাহিদা বেড়েছে বলেও জানিয়েছে গ্যাজপ্রম।
গ্যাজপ্রমের এই ঘোষণার একদিন আগে সোমবার রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন বলেছে, রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করলে ইউরোপ ভয়াবহ রকমের ক্ষতিগ্রস্ত হবে। এতে করে মহাদেশের জ্বালানি ভারসাম্য সংকটে পড়বে। কিন্তু যুক্তরাষ্ট্রের কোনও প্রভাব পড়বে না।
কূটনীতিকরা বলছেন, রাশিয়া যদি ইউক্রেনে রাসায়নিক হামলা কিংবা রাজধানী কিয়েভে ভয়াবহ বোমাবর্ষণ করে তাহলে রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞা জারির পথ উন্মুক্ত হতে পারে। এমন আশঙ্কার মধ্যেই বুধবার ইউরোপে গ্যাস রফতানি অব্যাহত রাখার ঘোষণা দেয় গ্যাজপ্রম।