দখলকৃত বন্দর নগরী বারদিয়ানস্কে একটি রুশ যুদ্ধজাহাজ ও অপর দুটি নৌযান ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার এখবর জানিয়েছে।
বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের সেনাবাহিনী হামলার ফুটেজ প্রকাশ করেছে। তারা দাবি করেছে, রুশ যুদ্ধজাহাজ ওর্স্ক তাদের বাহিনী ধ্বংস করেছে।
ফুটেজে রুশ যুদ্ধজাহাজে বিষ্ফোরণ ও অগ্নিকাণ্ডের চিত্র দেখা গেছে। তবে কারণ অস্পষ্ট।
অবরোধকৃত মারিউপোল শহরের পশ্চিমে বারদিয়ানস্ক অবস্থিত। ইউক্রেন রুশ আক্রমণের চতুর্থ দিন শহরটি দখল করে হানাদার বাহিনী।
রাশিয়া বলে আসছিল তারা বন্দরটি সেনাদের রসদ সরবরাহের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে।
ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলকে জানান, তাদের সেনাবাহিনী একটি বড় লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যুদ্ধজাহাজটি ২০টি ট্যাংক, ৪৫টি সাঁজোয়া যান ও ৪০০ সেনা ধারণ করতে সক্ষম।
বিবিসি’র পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ইউক্রেনের দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।