রাশিয়া ইউরোপের স্বাধীনতাকে ধ্বংস করবে বলে সুইডিশ আইনপ্রণেতাদের সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার সুইডেনের পার্লামেন্টে ভার্চুয়ালি যুক্ত হয়ে আইনপ্রণেতাদের সামনে আরও বলেন, ইউক্রেন যদি নিজেদের রক্ষা না করে এর অর্থ হবে রাশিয়ার সব প্রতিবেশী এখন হুমকিতে রয়েছে।
এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অর্থই হলো ইউরোপে আরও অগ্রসর হতে চায় রাশিয়া। ইউরোপের স্বাধীনতা শেষ করে দিতে চায় তারা। ইউরোপের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি মৌলিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ভাষণে মস্কোর বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি।
বাল্টিক সাগরের গোটল্যান্ড দ্বীপ নিয়েও সুইডেনকে সতর্ক করেছেন জেলেনস্কি। ২০০৪ সালে দ্বীপের সামরিক স্থাপনার কার্যক্রম বন্ধ করে দেয় সুইডেন সরকার। কিন্তু মস্কো ক্রিমিয়া দ্বীপ দখলে নেওয়ার পর ২০১৮ সালে পুনরায় সামরিক ঘাঁটি চালু করে সুইডিশ সরকার। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আপনারা এখন বিপদের মধ্যেই আছেন।
রুশ সমালোচকরা ইতোমধ্যে সম্প্রচার মাধ্যমে আলোচনা করেছেন যে, মস্কো কীভাবে গোটল্যান্ড দ্বীপ দখল করবে এবং নিজেদের নিয়ন্ত্রণে রাখবে। রাশিয়া মনে করে বাল্টিক সাগরের রাজ্যগুলোতে অগ্রগতির জন্য সেখানে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ঘাঁটি স্থাপনের প্রয়োজন।
রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রথমবারের মতো কোনও যুদ্ধরত দেশে সামরিক সহায়তা পাঠাতে রাজি হওয়ায় সুইডেন সরকারকে ধন্যবাদ জানান জেলনস্কি।
সূত্র: এনডিটিভি