একদিনে প্রায় দুইশ' রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। শুক্রবার এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ফেসবুকে এক বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় রাশিয়ার দুইশ' সেনার পাশাপাশি একাধিক হামলা প্রতিহত করেছে ইউক্রেনীয় বাহিনী। ১২টি রুশ ট্যাংক, ২০টি সামরিক যান, তিনটি যুদ্ধবিমান, ৩টি ড্রোন ধ্বংস হয়েছে ইউক্রেনের হামলায়। দেশটির সরকারের এমন দাবির প্রতিক্রিয়া পাওয়া যায়নি রুশ সরকারের। এছাড়া সংবাদমাধ্যম আল জাজিরা এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
পশ্চিমাদের সামরিক জোট ন্যাটার ধারণা অনুযায়ী, ইউক্রেনে অভিযানের শুরুর পর থেকে ১৫ হাজারের মতো সেনা হারিয়েছে মস্কো। সেইসঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বিশাল রুশ বাহিনী। যদিও রাশিয়ার পক্ষ থেকে নিজেদের এত সেনা হতাহতের বিষয়টি কখনও স্বীকার করেনি।
মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইউক্রেনে হামলা চালাতে ব্যবহার করা রাশিয়ার নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার হার ৬০ শতাংশ পর্যন্ত। আগ্রাসনের আগে রাশিয়া যেসব মৌলিক লক্ষ্য নির্ধারণ করে তার মধ্যে ছিল ইউক্রেনের বিমান বাহিনীকে নিষ্ক্রিয় করা। ইউক্রেনের তুলনায় বিশালাকার সামরিক সক্ষমতা থাকার পরও সেই লক্ষ্য অর্জন করতে পারেনি রাশিয়া। গোয়েন্দা তথ্যের বরাতে তিন মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের ধারণা রাশিয়ার ব্যর্থতা ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন পরিমাণে হয়েছে। এক কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যে দেখা যাচ্ছে বিমান থেকে ফেলা ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার হার ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত, যা দিনের পরিস্থিতির ওপর নির্ভর করেছে।
সূত্র: আল জাজিরা।