তুরস্কে ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় আব্রামোভিচ

রুশ ধনকুবের রোমান আব্রামোভিচকে তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনায় দেখা গেছে। তাকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কথা বলতে দেখা গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, শান্তি আলোচনার শুরুর দিকে মধ্যস্থতাকারী আব্রামোভিচকে বিষ প্রয়োগ করার অভিযোগ রয়েছে। মধ্যস্থতা করতে তিনি মস্কো ও কিয়েভে যাতায়াত করেছেন ঘন ঘন।

রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আব্রামোভিচকে বিষ প্রয়োগের খবরটি সত্য নয় এবং তথ্যযুদ্ধের অংশ।

তুরস্কে বৈঠক শুরুর আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জানান, তিনি ইউক্রেনীয় প্রতিনিধি দলকে বলেছেন রাশিয়ার সঙ্গে আলোচনায় খাবার বা পানীয় স্পর্শ না করার জন্য।