রাশিয়ার দখলকৃত শহরে ইউক্রেনীয়দের বিক্ষোভ ছত্রভঙ্গ

ইউক্রেনে রাশিয়ার দখলকৃত এনেরহোদার শহরে শনিবার স্থানীয়দের একটি বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে রুশ সেনারা। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ওই বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

অনলাইনে দেওয়া পোস্টে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইউক্রেনের জাতীয় সঙ্গীত গাইতে শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এক পর্যায়ে রুশ সেনারা সেখানে পৌঁছে কয়েকজনকে আটক করে।

টেলিগ্রামে দেওয়া পৃথক পোস্টে কর্তৃপক্ষ বলেছে, ‘দখলদাররা বিস্ফোরণের মাধ্যমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।’

এদিন শহরের অন্য অংশে রুশ বাহিনীর গোলাবর্ষণে চার জন আহত হয়েছে বলেও দাবি করেছে কর্তৃপক্ষ। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা। তবে, রয়টার্স জানিয়েছে তাদের পক্ষ থেকে কর্তৃপক্ষের এমন দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।