কিয়েভের শহরতলীতে মিলেছে ৪১০ বেসামরিকের মরদেহ: ইউক্রেন

রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করা বৃহত্তর কিয়েভ অঞ্চলের একটি শহরতলী থেকে ৪১০ বেসামরিকের মরদেহ উদ্ধারের দাবি করেছে ইউক্রেন। রবিবার দেশটির প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিকতোভা জানিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা ইতোমধ্যে ১৪০টি মরদেহ পরীক্ষা করেছেন।

এই সপ্তাহে রুশ বাহিনীর কাছ থেকে পুরো কিয়েভ অঞ্চল পুনরুদ্ধার করেছে ইউক্রেন। তাদের অভিযোগ রাজধানী থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমের বুচা শহরে ‘ইচ্ছাকৃত হত্যাযজ্ঞ’ চালিয়েছে মস্কো।

বুচা শহরের মেয়র আনাতোলি ফেদুরুক শনিবার জানান, গণকবর থেকে ২৮০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ইউক্রেনীয় বাহিনী শহরটিতে ফের প্রবেশ করার সময় পথে বেসামরিক মরদেহ দেখতে পাওয়ার কথা জানিয়েছে।

শনিবার বুচার একটি সড়কেই অন্তত ২০টি মরদেহ দেখতে পেয়েছেন ফরাসি বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিকেরা। তাদের একজনের হাত ছিল পেছনে বাঁধা। সবকটি মরদেহের বেসামরিক পোষাক পরা ছিল।

রবিবার স্থানীয় কর্মকর্তারা এএফপিকে গণকবর দেখান। সেখানে মোট ৫৭টি মরদেহ দেখতে পান সাংবাদিকেরা।

বেসামরিক হত্যার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। এসব অভিযোগকে তারা ‘কিয়েভের শাসক এবং পশ্চিমা মিডিয়ার আরেকটি প্রোডাকশন’ আখ্যা দিয়েছে।

রবিবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, রাশিয়ার সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে থাকার সময়ে একজন বেসামরিক নাগরিকও কোনও সহিংস পদক্ষেপের মুখে পড়েনি।

গত ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন শুরুর নির্দেশ দেওয়ার তিন দিনের মাথায় বুচা শহরের দখল নেয় রুশ বাহিনী।

সূত্র: এএফপি