ইউক্রেনে রুশ ‘যুদ্ধাপরাধ ও গণহত্যার’ তদন্ত দাবি করেছে স্পেন। সোমবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এমন দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের তদন্ত হওয়া উচিত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
মাদ্রিদে একটি অর্থনৈতিক ফোরামে দেওয়া ভাষণে পেদ্রো সানচেজ বলেন, ‘পুতিনের অযৌক্তিক আগ্রাসন আবারও যুদ্ধকে ইউরোপীয় ইউনিয়নের দোরগোড়ায় নিয়ে এসেছে। সাম্প্রতিক দিনগুলোতে আমরা যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করেছি।’
তিনি বলেন, ‘যারা এই অপরাধগুলো করেছে তারা যেন শাস্তির বাইরে থেকে না যায়। মানবতাবিরোধী এই অপরাধ, যুদ্ধাপরাধের জন্য যেন তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির করা যায় সেটি নিশ্চিতে আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো।