পশ্চিম ইউক্রেনের লভিভ থেকে প্রায় ৪০ মাইল দূরে রাদেখিভে রাশিয়ার দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। এমন দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। তারা জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র দুটি ভূপাতিত করা হয়। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।
ইউক্রেনীয় বাহিনীর বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রুশ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শহরে পড়লে ঘটনাস্থলে আগুন ধরে যায়। তবে এতে কেউ আহত হয়নি।
এদিকে ইউক্রেনকে আরও ১০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই ঘোষণা দিয়েছেন। ‘জরুরি প্রয়োজন’ মেটাতে দেশটিকে এই সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
অ্যান্টনি ব্লিনকেন বলেন, এ নিয়ে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে যুক্তরাষ্ট্রের মোট নিরাপত্তা সহায়তার পরিমাণ দাঁড়াবে ১ দশমিক ৭ বিলিয়ন ডলারেরও বেশি।