ইউক্রেনে রাশিয়ার ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’র কথা স্বীকার করেছে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন স্বীকারোক্তি দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ‘আমাদের সেনাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটি আমাদের জন্য এক বিশাল ট্র্যাজেডি।’
গত মাসেই ইউক্রেনে নিজেদের ৫ হাজারেরও বেশি সেনা হতাহতের কথা স্বীকার করে রাশিয়া। গত ২৫ মার্চ রুশ প্রতিরক্ষা দফতরের হালনাগাদ তথ্যে ইউক্রেনে তাদের পাঁচ হাজার ১৭৬ সেনা হতাহতের কথা জানানো হয়। বলা হয়, এর মধ্যে এক হাজার ৩৫১ জন নিহত এবং তিন হাজার ৮২৫ জন আহত হয়েছে।
মস্কোর ওই স্বীকারোক্তির দুই দিনের মাথায় জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস জানান, ইউক্রেনে অন্তত ১০ হাজার রুশ সেনা নিহত হয়েছে।
এদিকে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তিন দশকের মধ্যে কঠিনতম পরিস্থিতি মোকাবিলা করছে রাশিয়া। কিন্তু বৈশ্বিক অর্থনীতি থেকে মস্কোকে বিচ্ছিন্ন করার উদ্যোগ ব্যর্থ হবে।
ইউক্রেনে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা মস্কোর বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। এসব নিষেধাজ্ঞার ফলে বৈশ্বিক অর্থনীতি থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে মস্কো। শীর্ষ রুশ ব্যাংকগুলো সুইফট ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করতে পারছে না। কয়েকটি ক্রেতা দেশ রুশ তেল কিনতে অনাগ্রহ প্রকাশ করছে। এতে মস্কোর অর্থনীতির ওপর চাপ বাড়ছে।
রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমাতে মিশুস্তিন বলেন, কোনও সন্দেহ নেই, বর্তমান পরিস্থিতি তিন দশকের মধ্যে রাশিয়ার জন্য কঠিনতম। শীতল যুদ্ধের অন্ধকার সময়কালেও এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। সূত্র: আল জাজিরা।