রুশ আক্রমণ ঠেকাতে সোভিয়েত আমলের এস-৩০০ পেলো ইউক্রেন

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার বলেছেন, ইউক্রেনকে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দান করা হয়েছে। শুক্রবার তিনি একথা জানান। যুক্তরাষ্ট্রসহ ত্রিশটি দেশ কিয়েভকে সামরিক সহযোগিতা জোরদার করতে ওয়াশিংটনের ঘোষণার একদিন পর সোভিয়েত আমলের এস-৩০০ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠানো হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার আক্রমণের পর থেকেই ইউক্রেন পশ্চিমাদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অস্ত্র ও ভারি সামরিক সরঞ্জাম চেয়ে আসছে। যাতে তারা রুশ সামরিক আগ্রাসন ঠেকাতে পারে।

হেগার বলেন, আমি নিশ্চিত করছি যে স্লোভাকিয়া এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে দান করেছে। রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় আত্মরক্ষায় সহযোগিতার অনুরোধের ভিত্তিতে এগুলো দান করা হয়েছে।

ন্যাটো সদস্য স্লোভাকিয়া সোভিয়েত আমলের নির্মিত এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি ব্যাটারি পরিচালনা করে আসছে। ১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তারা এই ব্যবস্থা পেয়েছিল।

শুক্রবার কিয়েভ সফরে গেছেন হেগার। তিনি জানান, স্লোভাকিয়ার নিজেদের নিরাপত্তা অটুট রয়েছে।

২৪ ফেব্রুয়ারি রুশ আক্রমণ শুরু হওয়ার পর ইউক্রেনকে স্লোভাকিয়ার এমন দান এ ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রথম ঘটনা হিসেবে জানা গেলো।

মার্চে ন্যাটো মিত্র জার্মানি ও নেদারল্যান্ডস তিনটি মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে স্লোভাকিয়ায় নিয়ে আসে। ওই সময় দেশটি জানিয়েছিল, এগুলো এস-৩০০ প্রতিস্থাপনের বদলে পরিপূরক হবে। প্রতিস্থাপনের মতো অস্ত্র পাওয়া গেলে এস-৩০০-এর ব্যবহার বাদ দেওয়া হবে।

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী জানান, এই দানের বদলে ন্যাটো মিত্রদের কাছ থেকে অতিরিক্ত সরঞ্জাম পাবে তার দেশ। পরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জারোস্লাভ নাড জানান, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কাছ থেকে চতুর্থ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাবে স্লোভাকিয়া।

রাশিয়া বলে আসছে, ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো সামরিক সরঞ্জাম তাদের বৈধ টার্গেট। ইউক্রেনে আক্রমণকে মস্কো দেশটিকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্তকরণে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে দাবি করে আসছে। ইউক্রেন ও দেশটির মিত্ররা বলে আসছে উসকানি ছাড়াই আক্রমণ করেছে রাশিয়া।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও অপর ত্রিশটি দেশ ইউক্রেনে আরও অস্ত্র পাঠাচ্ছে এবং এই প্রক্রিয়া জোরদার করা হবে। তিনি ন্যাটো মিত্রদের পক্ষ থেকে ‘নতুন ব্যবস্থা’ পাঠানোর কথা বলেছেন, কিন্তু বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেভা যুদ্ধবিমান, জাহাজবিধ্বংসী ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র, সাঁজোয়া যান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন ন্যাটো মিত্রদের কাছ থেকে।

কয়েক বছর ধরে নিজেদের এস-৩০০ ব্যবস্থাকে আধুনিকায়নের পরিকল্পনা করে আসছে স্লোভাকিয়া। কিন্তু তাদের এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। দেশটির সেনাবাহিনীর ওয়েবসাইটে বলা হয়েছে, এস-৩০০ ব্যাটারির রেঞ্জ ৭৫ কিলোমিটার এবং ভূমি থেকে ২৭ কিলোমিটার উচ্চতায় এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।