রাশিয়ার পাঁচ হাজার ৮০০ যুদ্ধাপরাধের বিষয়ে তদন্তকাজ পরিচালনা করছে ইউক্রেন। সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন-এর সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভা।
তিনি বলেন, ইউক্রেন ইতোমধ্যেই তদন্তে ৫০০ জনেরও বেশি সন্দেহভাজনকে শনাক্ত করেছে। তাদের মধ্যে রাশিয়ান রাজনীতিবিদ, সামরিক কর্মী এবং প্রোপাগান্ডা এজেন্টরা রয়েছে।
ইরিনা ভেনেডিক্টোভা সিএনএন-কে বলেন, ‘আমরা আমাদের ইউক্রেনের আদালতে এই যুদ্ধাপরাধীদের বিচার করতে চাই।’
এদিকে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে পরবর্তী দফা আলোচনার জন্য হামলায় কোনও বিরতি দেওয়া হবে না বলে জানিয়েছে রাশিয়া। নিজ দেশের রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, আলোচনা চালিয়ে না যাওয়ার কোনও কারণ তিনি দেখছেন না। তবে দুই পক্ষ যখন ফের মিলিত হবে তখন শুধু বৈঠকের জন্য ‘বিশেষ সামরিক অভিযান’ বন্ধ করা হবে না।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়ান ও ইউক্রেনীয় আলোচকদের মধ্যে প্রথম দফা আলোচনার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পদক্ষেপ স্থগিতের নির্দেশ দিয়েছিলেন। তবে মস্কোর অবস্থানে পরিবর্তন হয়েছে। ইউক্রেনের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত সামরিক পদক্ষেপে কোনও বিরতি দেওয়া হবে না।