মারিউপোলে ১০ হাজারেরও বেশি বেসামরিক নিহত হয়েছে: মেয়র

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে দেশটির মারিউপোল শহরে ১০ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সোমবার অজ্ঞাত স্থান থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন অবরুদ্ধ শহরটির মেয়র ভাদিম বয়চেঙ্কো।

তিনি বলেন, মারিউপোলে এখনও এক লাখ ২০ হাজার বেসামরিক নাগরিক রয়েছে। তাদের জরুরিভিত্তিতে খাবার, পানি ও ওষুধ প্রয়োজন।

মেয়র ভাদিম বয়চেঙ্কো বলেন, রাশিয়ানরা মরদেহগুলো একটি বিশাল শপিং সেন্টারের ফ্রিজে সংরক্ষণ করছে বলে তার কাছে খবর এসেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, একাধিক সূত্রের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া মারিউপোলের মেয়রের এসব বক্তব্যের সত্যতা নিশ্চিত করা বিবিসি-র পক্ষে সম্ভব হয়নি।