ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোলে দেশটির সহস্রাধিক নৌসেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সেখানে ইউক্রেনের ৩৬ তম মেরিন ব্রিগেডের এক হাজার ২৬ জন নৌসেনা আত্মসমর্পণ করেছে। এর মধ্যে বাহিনীর ১৬২ জন কর্মকর্তাও রয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মারিউপোলের ইলিচ আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কসের কাছে সফল অভিযান চালিয়েছে রুশ বাহিনী এবং ডোনেস্ক পিপলস রিপাবলিকের মিলিশিয়া ইউনিট। এ সময় ইউক্রেনের ৩৬ তম মেরিন ব্রিগেডের এক হাজার ২৬ জন নৌসেনা স্বেচ্ছায় অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে।
ঘটনাস্থলে ইউক্রেনের আহত ১৫১ নৌসেনাকে চিকিৎসা দেওয়ার পর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেছে রাশিয়া।
এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নৌসেনাদের আত্মসমর্পণ সংক্রান্ত রাশিয়ার দাবির ব্যাপারে তাদের কাছে কোনও তথ্য নেই।