শান্তি চুক্তি অথবা আন্তর্জাতিক অঙ্গন ছাড়তে হবে: রাশিয়াকে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মনে করেন, রাশিয়া যদি শান্তি চুক্তির পথে না হাটে তবে দেশটিকে অবশ্যই আন্তর্জাতিক অঙ্গন ত্যাগ করা উচিত। ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, হয় রাশিয়ার নেতৃত্ব সত্যিই শান্তি চাইবে অন্যথায় চিরতরে আন্তর্জাতিক জায়গা ছেড়ে যাবে।

ইউক্রেনকে থামাতে রুশ বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ভিডিও বার্তায় রাশিয়ার তেলের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপে পুনরায় আহ্বান জানিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই রাশিয়ার সামরিক মেশিনের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে।

ইউক্রেনকে নতুন করে বড় অস্ত্র চালানের সহায়তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। দেশটিকে আরও ৭৫ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিতে যাচ্ছে জো বাইডেনের প্রশাসন। এসব সহায়তা মার্কিন প্রেসিডেন্টের বিশেষ তহবিল থেকে দেওয়া হবে। জরুরি এই তহবিল বরাদ্দে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন পড়বে না। গত সপ্তাহে হোয়াইট হাউজ জানায়, গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর ইউক্রেনকে মোট ১৭০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা দেওয়া হয়েছে।

শুধু যুক্তরাষ্ট্রই নয়, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, কানাডাসহ অনেক মিত্র দেশ রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে।