কিয়েভে দূতাবাস স্থানান্তরের ঘোষণা ফ্রান্সের

যুদ্ধাবস্থাকে কেন্দ্র করে সাময়িকভাবে স্থানান্তরের পর অবশেষে কিয়েভে ফিরছে ইউক্রেনে নিযুক্ত ফরাসি দূতাবাস। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে এক ফোনালাপে তিনি বলেছেন, ইউক্রেনে নিযুক্ত ফরাসি দূতাবাস ‘খুব শিগগিরই’ লভিভ থেকে কিয়েভে স্থানান্তর করা হবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। উদ্ভূত পরিস্থিতিতে মার্চের গোড়ার দিকে রাজধানী কিয়েভের বদলে লভিভ শহরে নিজেদের ইউক্রেনীয় দূতাবাস স্থানাস্তর করে প্যারিস।

ইউরোপের আরেক দেশ তুরস্ক এরইমধ্যে কিয়েভে তাদের দূতাবাস স্থানান্তর করেছে। রাশিয়া ও ইউক্রেন মধ্যকার যুদ্ধের কারণে অস্থায়ীভাবে ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চেরনিভতসি শহরে নিজেদের ইউক্রেনীয় দূতাবাস স্থানান্তর করেছিল তুরস্ক। পরে গত ৫ এপ্রিল তুর্কি কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, দূতাবাসটি তার নিজ অবস্থানে ফিরে এসেছে। ফলে সেখান থেকে ফের এটির কার্যক্রম শুরু হবে।