রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দুই মাস অতিবাহিত হলো। চলমান যুদ্ধে ইউক্রেনে রাশিয়ার ২২ হাজার ৮০০ যোদ্ধা নিহতের দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। শুধু ২৪ ঘণ্টাতেই ৪০০ জন নিহত হয়েছে বলে জানান তিনি।
ফেসবুকে তিনি বলেন, ইউক্রেনে অভিযানের শুরু থেকে ৯৭০টি ট্যাংক, ২ হাজার ৩৮৯টি সামরিক যান, ১৮৭টি বিমান এবং ১৫৫টি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। যদিও এর সত্যতা নিশ্চিত করেনি মস্কো।
তবে গত মার্চে মস্কো জানায়, ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে ১ হাজার ৩৫১ সেনা নিহত ও ৪ হাজার আহত হন। আর এপ্রিলের শুরুর দিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
গত ২৪ ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। এখন পর্যন্ত রাজধানী কিয়েভ কিংবা জেলেনস্কির সরকারের পতন ঘটাতে ব্যর্থ হয়েছে মস্কো। ফলে রুশ বাহিনী এখন কিয়েভ অঞ্চল থেকে পূর্ব ইউক্রেনে সরে গেছে। ডনবাস ও মারিউপোলে নিয়ন্ত্রণে রাখতে রক্তক্ষয়ী লড়াই চলছে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে।
সূত্র: আল জাজিরা।