পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদের আবেদন নিয়ে গণভোটের পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিলেন সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। গণভোট আয়োজনের প্রস্তাবকে ‘বাজে চিন্তা’ অ্যাখ্যায়িত করেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করতে পারে বলে শোনা যাচ্ছে। এদিকে ন্যাটো মহাসচিব জানিয়েছেন, এই দুই দেশ আবেদন করলে দ্রুত প্রক্রিয়া শুরু হবে। তবে এই সদস্যপদের আবেদন নিয়ে গণভোট আয়োজনের প্রস্তাবকে ‘বাজে চিন্তা’ বলছেন অ্যান্ডারসন।
শুক্রবার উপস্থিত সাংবাদিকদের সুইডিশ প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি না যে এটা নিয়ে গণভোটের কোনও প্রয়োজন আছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে অনেক বিষয় আছে, যা গোপনীয়। এ ধরনের ইস্যুতে গণভোটে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় থাকে, যা নিয়ে আলোচনার টেবিলে তোলা যায় না।
ন্যাটোতে যোগদান নিয়ে সুইডেনের পার্লামেন্ট নিজেদের নিরাপত্তা নীতি পর্যালোচনা করে দেখছে। আগামী মে মাসের মাঝামাঝি এ সংক্রান্ত প্রতিবেদন পেশ করার কথা রয়েছে। নতুন এক জরিপে দেখা গেছে, সুইডেনের ৫৭ শতাংশ নাগরিক ন্যাটোতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন।
পশ্চিমা সামরিক জোটে যোগদানের কথা চলার মধ্যেই সুইডেনের জাতীয় নির্বাচনের সময়ও ঘনিয়ে আসছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটিতে চলতি বছরের সেপ্টেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের কথা রয়েছে।