রাশিয়ার বিরুদ্ধে পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে বিদ্যুতের সাবস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। লভিভের মেয়র আন্দ্রি সাদোভিই এমন অভিযোগ করেছেন। এ ঘটনায় দুই জন আহত হয়েছে বলেও দাবি করেছেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ নিয়ে কথা বলেন লভিভের মেয়র আন্দ্রি সাদোভিই।
তিনি বলেন, রুশ বাহিনীর হামলায় বিদ্যুতের তিনটি সাবস্টেশন এবং দুইটি পানির পাম্প স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের বাসিন্দদের পরিষেবার ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে।
এদিকে পশ্চিমা কর্মকর্তাদের আশঙ্কা, আগামী ৯ মে রাশিয়ার বিজয় দিবসে ইউক্রেনে আনুষ্ঠানিক ‘যুদ্ধ’ ঘোষণা করতে পারেন পুতিন। গত সপ্তাহে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এলবিসি রেডিওকে বলেছেন, আমি মনে করি তিনি (পুতিন) তার ‘বিশেষ অভিযান’ থেকে সরে আসার চেষ্টা করবেন।
ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইকে কার্পেন্টার বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ‘অত্যন্ত বিশ্বাসযোগ্য’ গোয়েন্দা প্রতিবেদন রয়েছে যে রাশিয়া মে মাসের মাঝামাঝি সময়ে লুহানস্ক ও ডোনেস্ককে যুক্ত করতে পারে। পাশাপাশি ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর খেরসনকে ‘গণপ্রজাতন্ত্র’ ঘোষণা এবং অঞ্চলটিকে নিজ দেশের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে রাশিয়া।