রাশিয়ার তিনটি ট্যাংক ও কামান ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইউক্রেনীয় বাহিনীর জেনারেল স্টাফের দাবি, গত ২৪ ঘণ্টায় ডোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলে আটটি রুশ হামলা প্রতিহত করতে সমর্থ হয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। এ সময় তারা রাশিয়ার তিনটি ট্যাংক, আটটি কামান ব্যবস্থা, সাতটি সাঁজোয়া যান, একটি যুদ্ধযান এবং তিনটি ইঞ্জিনিয়ারিং ইউনিট ধ্বংস করে দিয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের ভূখণ্ড থেকে রুশ বাহিনী প্রত্যাহার ছাড়া রাশিয়ার সঙ্গে কোনও যুদ্ধবিরতি চুক্তি হতে পারে না। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে কিয়েভের এমন অবস্থানের কথা জানান তিনি।
ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশ মস্কোর সঙ্গে এমন কোনও চুক্তি মেনে নিতে পারে না, যেখানে রুশ সেনাদের দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে অবস্থানের সুযোগ দেওয়া হবে।
তিনি বলেন, চলমান সংঘাতের প্রথম ধাপে ইউক্রেনীয় বাহিনী রুশ আগ্রাসন প্রতিহত করেছে। দ্বিতীয় ধাপে ইউক্রেন তার ভূখণ্ড থেকে রুশ সেনাদের বিতাড়িত করবে। তৃতীয় ধাপে ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণরূপে পুনরুদ্ধারের পথে অগ্রসর হবে।