বন্দরনগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া: ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে বন্দরনগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র নাটালিয়া হুমেনিউক এমন অভিযোগ করেছেন। নিজ দেশের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে তিনি বলেছেন, দক্ষিণ ইউক্রেনের বন্দরনগরী ওডেসাতে ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

মুখপাত্র নাটালিয়া হুমেনিউক বলেন, আবাসিক এলাকায় অবস্থিত একটি আসবাবপত্র কারখানায় চারটি রকেট আঘাত হেনেছে। অন্য দুইটি ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত রানওয়ে স্ট্রিপে আঘাত করেছে।

এদিকে ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন দাবি করা হয়েছে। তাদের দাবি, ইউক্রেনের খারকিভ অঞ্চলের বোহোদুখিভ রেলওয়ে স্টেশনের কাছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সামরিক সরঞ্জামের একটি বিশাল মজুত তারা ধ্বংস করে দিয়েছে।

এদিন ইউক্রেনের তিনটি গোলাবারুদের গুদামসহ মোট ১৮টি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে রাশিয়া। ওদিকে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানো নিয়ে ন্যাটোকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি বলেছেন, ইউক্রেনের উদ্দেশে পাঠানো অস্ত্র বা সামরিক সরঞ্জামের চালানকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে মস্কো।