‘মৃত্যুর আগ পর্যন্ত লড়াই’ করার অঙ্গীকার আজভস্টলের যোদ্ধাদের

ইউক্রেনে রুশ বাহিনী কাছে অবরুদ্ধ শহর মারিউপোলের আজভস্টল স্টিল কারখানার ইউক্রেনীয় যোদ্ধারা জানিয়েছে, তারা আত্মসমর্পণ করবে না, মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। রবিবার বিরল এক অনলাইন সংবাদ সম্মেলনে এই অঙ্গীকারের কথা জানিয়েছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও বিবিসি’র প্রতিবেদনে এসব কথা জানা গেছে।

ইউক্রেনের আজভ রেজিমেন্টের ডেপুটি কমান্ডার ক্যাপ্টেন স্ভিয়াতোস্লাভ পালামার সংবাদ সম্মেলনে আহত যোদ্ধাদের কারখানা থেকে সরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, আমরা যতক্ষণ জীবিত আছি রুশ দখলদারদের ঠেকাতে লড়াই চালিয়ে যাব।

আহত সেনাদের দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে পালামার বলেন, আমাদের খুব বেশি সময় নেই, আমাদের লক্ষ্য অবিরাম গোলাবর্ষণ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে লেফট্যানেন্ট ইলিয়া সামোইলেঙ্কো বলেছেন, আত্মসমর্পণের কথা বিবেচনার সুযোগ নেই, কারণ আমাদের জীবন নিয়ে রাশিয়ার কোনও আগ্রহ নেই।

তার কথায়, আত্মসমর্পণ গ্রহণযোগ্য নয়। শত্রুদের আমরা এমন বড় উপহার দিতে পারি না। আমার কাছে বন্দি হওয়া মানে মৃত্যু।

সামোইলেঙ্কো আরও বলেন, আমরা আগ্রাসনকারীর বিরুদ্ধে লড়াই করছি। যে শত্রু ইউক্রেনে ত্রাস ছড়িয়েছে, আমরা তাদের নৃশংসতার বিরুদ্ধে লড়ছি।

আজভ রেজিমেন্টের ডেপুটি কমান্ডার বলেছেন, রুশ সেনারা কারখানায় গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। তারা কারখানায় ঢুকে পড়ার চেষ্টা করছে।

শনিবার কারখানা থেকে আটকে পড়া সব বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করতে পারেননি এই কমান্ডার।