বন্দি করতে পারলে যুদ্ধাপরাধে জেলেনস্কির বিচার করবে রাশিয়া

স্বঘোষিত দনেস্ক পিপল’স রিপাবলিক (ডিপিআর)-এর একজন সিনিয়র আইনপ্রণেতা বুধবার বলেছেন, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অঞ্চল চায় যুদ্ধাপরাধী হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিচার করতে। রুশ বার্তা সংস্থা তাস-কে একথা বলেছেন ডিপিআর-এর আইনপ্রণেতা ইয়েলেনা শিশকিনা। মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে।

ইয়েলেনা শিশকিনা বলেছেন, ২০১৪ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করেন তখন ইউক্রেনকে নেতৃত্ব দেওয়া আইনপ্রণেতাদের বিচার করবে ডিপিআর। এদের মধ্যে রয়েছেন, জেলেনস্কি, সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেক্সান্ডার তুরচিনভ ও সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো।

ডিপিআর পার্লামেন্টের অপরাধন ও প্রশাসনিক আইন-বিষয়ক কমিটির চেয়ার রুশপন্থী এই আইনপ্রণেতা বলেন, যাদের হাতে অস্ত্র রয়েছে এবং ট্রিগার টিপেন তারা শুধু সামরিক অপরাধকারী নন। এই অপরাধে অপরাধী হলেন জেনারেলরা, যারা নির্দেশ দেন এবং প্রেসিডেন্টও।

ডনবাসে বেসামরিকদের হত্যায় নব্য নাৎসিদের পাঠানোর নির্দেশে স্বাক্ষরকারীরা অপরাধী বলে দাবি করেন তিনি।

ইউক্রেনে আক্রমণকে ন্যায্যতা দিতে পুতিন স্বঘোষিত দনেস্ক ও লুহানস্ক রিপাবলিকে রুশ ভাষাভাষী মানুষের ওপর ইউক্রেনের গণহত্যা পরিচালনার অভিযোগ তুলেছেন। ইউক্রেন ও পশ্চিমারা এই অভিযোগকে পুতিনের আগ্রাসী যুদ্ধের মিথ্যা অজুহাত হিসেবে উল্লেখ করেছে।

শিশকিনা বলেছেন, স্বঘোষিত প্রজাতন্ত্রে যুদ্ধাপরাধ, সন্ত্রাসকে সমর্থন ও অর্থায়নে জড়িতদের বিচার করার আইন রয়েছে।

তিনি বলেন, এই ভূখণ্ডে নব্য নাৎসি সংগঠন সক্রিয় থাকতে পারার মতো পরিস্থিতি তৈরি করেছে ইউক্রেন। এই সংগঠনের সদস্যদের দায়মুক্তি দিয়েছে, অপরাধে জড়িতদের বিচারে ব্যর্থ হয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে অপরাধের আইনি বৈধতা দিয়েছে।

তিনি আরও বলেন, যখন আইন-শৃঙ্খলাবাহিনী উপযুক্ত প্রমাণ হাজির করবে, তখন অবশ্যই দোষীদের শাস্তি হবে।