ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধবিধ্বস্ত লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহাই গাইদাই বলেছেন, রুশ অগ্রগতির মুখে সেভেরোডোনেস্ক শহর থেকে কোনও ইউক্রেনীয় সেনা পিছু হটার অর্থ তাদের পরিকল্পনা আছে, আর তারা আগ্রাসনকারী বাহিনীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।
মার্কিন সাময়িকী নিউজ উইককে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে গাইদাই বলেন, সেভেরোডোনেস্কের স্থানীয় বাসিন্দারা ওই অঞ্চল থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়ার কাজে নেতৃত্ব দিচ্ছেন এবং ইউক্রেনের সামরিক কমান্ডের অধীনে কাজ করছেন। তিনি জানান, রুশ বাহিনী শহরটির উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ করছে। তিনি জানান, লুহানস্ক অঞ্চলেরর মাত্র দুইটি গুরুত্বপূর্ণ স্থাপনা এখন পর্যন্ত মস্কোর নিয়ন্ত্রণে যায়নি।
লুহানস্কের গভর্নর বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধ সত্যিই উল্লেখযোগ্যভাবে তীব্র হয়েছে কারণ রুশ সেনাবাহিনী পুরো লুহানস্ক অঞ্চল দখল করার জন্য প্রচুর বাহিনী এবং সরঞ্জাম মোতায়েন করেছে।’ তিনি বলেন, ‘এই কাজটি তাদের কাছে অগ্রাধিকার, কারণ এটি বিশেষভাবে বড় অঞ্চল নয় এবং বিজয় দেখাতে চাওয়া রুশ হাইকমান্ডের জন্য এটি নিচুতে ঝুলে থাকা পাকা ফল হতে পারে।’
সেভেরোডোনেটস্কে বিজয়ী হলে লুহানস্ক অঞ্চলের প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে চলে যাবে। ইউক্রেনের সবচেয়ে পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশের একটি এটি এবং ক্রেমলিনের কাছে যুদ্ধের মূল লক্ষ্যগুলোর একটা এটি দখল করা।
লুহানস্ক এবং পার্শ্ববর্তী ডোনেস্ক অঞ্চল নিতে পারলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডনবাস অঞ্চলে বিজয় দাবি করতে পারবেন। ২০১৪ সাল থেকে এই অঞ্চলে মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই করছে ইউক্রেন।
সূত্র: নিউজ উইক