ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জোর করে রাশিয়ায় নিয়ে যাওয়া ইউক্রেনীয়দের মধ্যে দুই লাখ শিশু রয়েছে। এসব শিশুদের মধ্যে এতিমখানার বাসিন্দা, বাবা-মায়ের সঙ্গে নেওয়া শিশু এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুরা রয়েছে বলেও জানান তিনি।
বুধবার রাতে আন্তর্জাতিক শিশু দিবসের দিনে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ‘এই অপরাধমূলক নীতির উদ্দেশ্য কেবল মানুষ চুরি করা নয় বরং যারা নির্বাসিত হয়েছে তাদেরকে ইউক্রেন সম্পর্কে ভুলিয়ে দেওয়া এবং ফিরে আসতে অক্ষম করা।’
জেলেনস্কি বলেন, এই অপরাধে জড়িতদের অবশ্যই শাস্তি দেবে ইউক্রেন। তবে প্রথমে যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে দেখাতে হবে যে ‘ইউক্রেন জয় করা যাবে না, আমাদের জনগণ আত্মসমর্পণ করবে না এবং আমাদের সন্তানরা দখলদারদের সম্পত্তিতে পরিণত হবে না’।
ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, যুদ্ধে এখন পর্যন্ত ২৪৩ শিশু নিহত হয়েছে, আহত হয়েছে ৪৪৬ জন এবং নিখোঁজ রয়েছে ১৩৯ জন। তবে তিনি দাবি করেন রুশ বাহিনীর দখল করা এলাকার পূর্ণ চিত্র ইউক্রেন সরকারের কাছে না থাকায় এসব হতাহতের সংখ্যা আরও বেশি হেত পারে।
সূত্র: এপি