ইউক্রেনকে শান্তি আলোচনায় বসতে দিচ্ছে না পশ্চিমারা। শনিবার এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার লাগাম টেনে ধরার একটি হাতিয়ারে পরিণত করেছে। তারা কিয়েভকে রুশবিরোধী অবস্থান আরও কঠোর করতে বাধ্য করেছে।
মস্কোর ওপর পশ্চিমা দেশগুলোর সিরিজ নিষেধাজ্ঞারও সমালোচনা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব পদক্ষেপের ফল হয়েছে উল্টো। কেননা, এতে করে রাশিয়ার চেয়ে পশ্চিমাদেরই বেশি ক্ষতি হয়েছে।
এদিকে রাশিয়ার সঙ্গে ফের আলোচনার আগে নিজেদের সামরিক অবস্থান সংহত করতে চায় বলে জানিয়েছে ইউক্রেন। মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় দেশটির আলোচক ডেভিড আরাখামিয়া কিয়েভের এমন অবস্থানের কথা জানিয়েছেন।
ডেভিড আরাখামিয়া বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা শুরুর আগে পশ্চিমা দুনিয়া থেকে নতুন অস্ত্র সংগ্রহের সাহায্যে নিজের অবস্থান আরও জোরালো করতে চায় ইউক্রেন। ইউক্রেনের জাতীয় টেলিভিশনকে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী নতুন অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত।