পশ্চিমের মিত্র দেশগুলোর কাছে আরও অস্ত্র চেয়েছে ইউক্রেনের দক্ষিণের মাইকোলাইভ অঞ্চলের গভর্নর। রাশিয়ার উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র থেকে ওই এলাকা রক্ষায় অস্ত্রের প্রয়োজন বলে তিনি জানান। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরায় এ খবর প্রকাশ করা হয়।
এদিকে শনিবার ইউরোপীয় ইউনিয়ন-ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েন ইউক্রেনে সফরে এলে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দিতে ইইউ’র প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে আলাপের সময়, মস্কোর বিরুদ্ধে ইতোমধ্যে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি।
তিনি বলেন, আমি রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নীতির জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে কৃতজ্ঞ, এতে আমাদের লড়াইয়ে সহায়ক হয়েছে। তবে, দুঃখজনক যে যুদ্ধ এখনও চলছে। তাই নিষেধাজ্ঞার সপ্তম প্যাকেজ আরোপের প্রয়োজন।
ইউক্রেনে অভিযানের জেরে এ পর্যন্ত রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান, ক্ষমতাধর ও ধনাঢ্য ব্যক্তিদের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সও নিষেধাজ্ঞা দিয়ে আসছে রাশিয়ার বিরুদ্ধে।