দারিয়া হত্যায় সংশ্লিষ্টতা অস্বীকার ইউক্রেনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘনিষ্ঠ মিত্রের মেয়ে দায়িরা দুগিনা হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেনীয় জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সি দানিলভ বলেন, আমরা এভাবে কাজ করি না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মঙ্গলবার মস্কোতে দারিয়া দুগিনার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। রুশ জাতীয়তাবাদী টেলিভিশন চ্যানেলের একজন বিশ্লেষক ছিলেন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সমর্থক দুগিনা। মস্কোয় একটি গাড়িবোমা হামলায় তিনি নিহত হন। রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেনের স্পেশাল সার্ভিস এই হত্যাকাণ্ডে জড়িত।

ইউক্রেনীয় জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সি দানিলভ বলেছেন, এই বোমা হামলার সঙ্গে ইউক্রেনের কোনও সংশ্লিষ্টতা নেই।

তিনি বলেন, আমাদের ছেলে-মেয়ের জন্য আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এফএসবি (রুশ গোয়েন্দা সংস্থা) এই কাজ করেছে এবং তারা এখন আমাদের জনগণের ওপর দায় চাপাচ্ছে।

দানিলভ আরও দাবি করেছেন, রাশিয়া নিজের দেশের ভেতরে সিরিজ হামলার পরিকল্পনা করছে। যুদ্ধের প্রতি সমর্থন কমে যাওয়াতে তা পুনরায় জাগরিত করতে এই পরিকল্পনা করছে রাশিয়া।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের মিখাইলো পদোলিয়াক বলেছেন, রুশ প্রোপাগান্ডা কাল্পনিক জগতে বাস করে। মস্কোতে গাড়িবোমা হামলা স্পেশাল সার্ভিসের অভ্যন্তরীণ বিরোধের অংশ।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) দাবি করেছে, ইউক্রেন এই হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে এই দাবি ঢালাও করে প্রচার হচ্ছে এবং ক্রেমলিনপন্থী মন্তব্যকারীরা অবিলম্বে প্রতিশোধ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।