ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলা অবস্থায় নিজেদের সেনাবাহিনীতে নতুন করে সেনা সদস্য নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে রাশিয়া। এ প্রসঙ্গে শনিবার মার্কিন সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং মনে করেন, এর অর্থ দাঁড়ায় প্রেসিডেন্ট পুতিনের সেনাবাহিনী বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম নিউজউইক।
ইউক্রেনে ছয় মাসের বেশি সময় ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই যুদ্ধে রাশিয়ার ৪৫ হাজার সেনা আহত অথবা নিহত হয়েছে বলে পশ্চিমা ও ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে বিভিন্ন সময় প্রতিবেদন প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ইউক্রেনে যুদ্ধের ময়দানে রুশ সেনারা যখন প্রতিনিয়ত ভুগছে তখন নিজেদের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে মস্কো। ফলে ১৯ লাখ থেকে বেড়ে সশস্ত্রবাহিনীর সদস্য সংখ্যা হবে ২০ লাখ ৪০ হাজার। গত বৃহস্পতিবার এই বিষয়ে একটি ডিক্রিতে স্বাক্ষরও করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন করে ১ লাখ ৩৭ হাজার নতুন সদস্য নেওয়া হবে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন সদস্য সংগ্রহ শুরু হবে।
সেনা সদস্য বৃদ্ধির বিষয়টিকে রাশিয়ার দুর্বলতা বলে প্রতীয়মান হচ্ছে। বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে এসেছে, ইউক্রেনে সফলতা অর্জনে ব্যর্থ মস্কো। অনেকে সেনা নিহত এবং নিখোঁজ। যারা মাঠে রয়েছে তাদের অনেকে অনুপ্রেরণা, অভিজ্ঞতা বা যোগ্য নেতৃত্বের অভাবে ভুগছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে হার্টলিং বলেন, 'পুতিনের সেনা বৃদ্ধির নির্দেশ ইউক্রেনে রাশিয়ার বিজয় অর্জনের সম্ভাবনার জন্য একটি নেতিবাচক সংকেত বহন করে। সত্যি তারা একটি সংকটের মধ্যে আছে'।
তিনি আরও কয়েকটি বিষয় সামনে আনেন। বলেন, রাশিয়ার ফ্রন্ট লাইনে থাকা ইউনিটগুলোর বেশিরভাগ শক্তি কমে যাচ্ছে। নতুন নিয়োগে শক্তিশালী বাহিনী গঠন নাও হতে পারে। এমনও হতে পারে, ৬০ বছর বয়সী লোককে টার্গেট করতে পারে।
তবে মস্কো বলছে, নতুন করে যাদের নিয়োগ দেওয়া হবে তাদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭। কোনও ধরনের স্বাস্থ্যগত সমস্যা থাকে যাবে না।