ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও দেশটির দূতাবাসের কর্মীদের বহিষ্কার করেছে আলবেনিয়া। দুই মাস আগে বড় ধরনের সাইবার হামলার ঘটনায় এই পদক্ষেপ নিলো আলবেনিয়া। দেশটির প্রধানমন্ত্রীর দাবি, আলবেনিয়ার সরকারি ওয়েবসাইটে হামলা চালিয়েছে তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
বুধবার আনুষ্ঠানিকভাবে তিরানায় অবস্থিত ইরান দূতাবাসে সিদ্ধান্তটি জানিয়েছে আলবেনীয় সরকার। ইরানি দূতাবাসের কূটনৈতিক ও নিরাপত্তার দায়িত্বে থাকা সব কর্মীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আলবেনিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
১৫ জুলাই সাইবার হামলার পর আলবেনীয় সরকারের একাধিক ডিজিটাল সেবা ও ওয়েবসাইট বন্ধ হয়ে যায়।
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা বলেছেন, তদন্তে নিশ্চিত হওয়া গেছে এই হামলা কোনও ব্যক্তি বা স্বতন্ত্র গোষ্ঠী চালায়নি। এটি রাষ্ট্রীয় আক্রমণ।
যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া
ন্যাটো মিত্র আলবেনিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের নারী মুখপাত্র আড্রিয়েনি ওয়াটসন এক বিবৃতিতে বলেছেন, ইরানের দ্বারা পরিচালিত সাইবার হামলার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। নজিরবিহীন সাইবার হামলার জন্য ইরানকে জবাবদিহি করার যে ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী রামা যুক্তরাষ্ট্র সেটিকে সমর্থন করে।