তুরস্ককে নিয়ে রাশিয়ার একটি নতুন পরিকল্পনা তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের কাছে তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার পুতিন বলেছেন, তুরস্ককে একটি ‘গ্যাস হাব’ হিসেবে গড়ে তুলতে চায় রাশিয়া। এতে আঙ্কারা রাজি থাকলে মস্কো সম্ভাব্যতা যাচাই বিবেচনা করবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।
বৃহস্পতিবার এক সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানের আস্তানা সফর করছেন পুতিন ও এরদোয়ান। সম্মেলনের পার্শ্ববৈঠকে এরদোয়ানকে পুতিন বলেছেন, যদি তুরস্ক ও আমাদের সম্ভাব্য অপর ক্রেতা দেশের আগ্রহ থাকে তাহলে আমরা তুরস্ককে একটি গ্যাস হাবে পরিণত করার বিষয়টি বিবেচনা করবো। তৃতীয় আগ্রহী দেশ, বিশেষত ইউরোপের আগ্রহ থাকলে এখান থেকে গ্যাস বিক্রি করা হবে।
পুতিন আরও বলেন, যদি গ্যাস হাব প্রতিষ্ঠা করা হয় তাহলে এটি শুধু সরবরাহের প্ল্যাটফর্ম হবে তা নয়, গ্যাসের মূল্য নির্ধারণেও ভূমিকা রাখবে।
রুশ প্রেসিডেন্ট বলেন, এখন গ্যাসের মূল্য অনেক বেশি। এটি হলে আমরা রাজনৈতিক তোড়জোড় ছাড়াই শান্তভাবে সাধারণ বাজারে মূল্য নিয়ন্ত্রণ করতে পারবো।
এর আগে বুধবারও তুরস্ককে গ্যাস হাবে পরিণত করার বিষয়টি তুলে ধরেছিলেন পুতিন। তিনি জানান, মস্কোতে জ্বালানি সম্মেলনে এই বিষয়টি উঠে এসেছে।
পুতিন বলেছিলেন, নর্ড স্ট্রিমের বদলে তুরস্ক হয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করতে পারি আমরা। এতে ইউরোপের বৃহত্তম গ্যাস হাবে পরিণত হবে তুরস্ক। অবশ্যই এক্ষেত্রে অংশীদারদের আগ্রহ এবং অর্থনৈতিক সম্ভাব্যতা থাকতে হবে।